তেলিয়ামুড়ায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ৫, দু’জনের অবস্থা আশঙ্কাজনক
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২৮ মে (হি.স.) : ফের পথদুর্ঘটনায় রক্তাক্ত হলো তেলিয়ামুড়া। বৃহস্পতিবার সন্ধ্যায় অসম–আগরতলা জাতীয় সড়কের মহারানীপুর এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন গুরুতরভাবে আহত হন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজন
সড়ক দুর্ঘটনা


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২৮ মে (হি.স.) : ফের পথদুর্ঘটনায় রক্তাক্ত হলো তেলিয়ামুড়া। বৃহস্পতিবার সন্ধ্যায় অসম–আগরতলা জাতীয় সড়কের মহারানীপুর এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন গুরুতরভাবে আহত হন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা প্সাড়ে সাতটা নাগাদ টিআর-০১এম-৬১৮৩ এবং টিআর-০৬-ই-৮০৭১ নম্বরের বাইক বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের মহারানীপুর অংশে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাইক আরোহীরা ছিটকে জাতীয় সড়কের উপর পড়ে যান। মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে দমকল বাহিনীও ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার কাজে সহায়তা করে। রক্তাক্ত অবস্থায় আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এই দুর্ঘটনাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কে নিয়মিত বেপরোয়া গতিতে বাইক ও যানবাহন চলাচল এবং ট্রাফিক বিধি অমান্যের কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে সন্ধ্যার পর অতিরিক্ত গতিতে বাইক চালানোর প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande