মোবাইলে পিস্তলের ছবি পাঠিয়ে নাবালিকাকে ধর্ষণ ও খুনের হুমকি! সেকেরকোটে তীব্র চাঞ্চল্য
আগরতলা, ২৮ মে (হি.স.) : মাঝরাতে মোবাইলের স্ক্রিনে ভেসে উঠল এক মারণাস্ত্রের ছবি। আর তার নিচেই লেখা হাড়হিম করা বার্তা— কথা না শুনলে ঝাঁঝরা করে দেওয়া হবে বুক, কপালে জুটবে চরম নির্যাতন! আগরতলা সংলগ্ন আমতলি থানার সেকেরকোট এলাকায় জনৈক ১৬ বছরের নাবালিকাক
ত্রিপুরা পুলিশ


আগরতলা, ২৮ মে (হি.স.) : মাঝরাতে মোবাইলের স্ক্রিনে ভেসে উঠল এক মারণাস্ত্রের ছবি। আর তার নিচেই লেখা হাড়হিম করা বার্তা— কথা না শুনলে ঝাঁঝরা করে দেওয়া হবে বুক, কপালে জুটবে চরম নির্যাতন! আগরতলা সংলগ্ন আমতলি থানার সেকেরকোট এলাকায় জনৈক ১৬ বছরের নাবালিকাকে এভাবেই লাগাতার আগ্নেয়াস্ত্র দেখিয়ে ধর্ষণ ও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠল জনৈক যুবকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আতঙ্কে ঘরের বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছে ওই নাবালিকার পরিবার।

জানা গেছে, সেকেরকোট এলাকার জনৈক ভাড়াটিয়া পরিবারের ১৬ বছরের নাবালিকা মেয়েকে বেশ কিছুদিন ধরেই উত্যক্ত করছিল গকুলনগর দিনদয়াল চৌমুহনি সংলগ্ন ফানু দেবনাথের গুণধর পুত্র জয়দেব দেবনাথ। কিন্তু গত সোমবার গভীর রাতে সমস্ত সীমা পার করে অভিযুক্ত যুবক। গভীর রাতে আচমকাই নাবালিকার মোবাইলে একটি মেসেজ আসে। স্ক্রিন খুলতেই চোখ চড়কগাছ মেয়েটির। দেখা যায়, একটি অত্যাধুনিক পিস্তলের ছবি পাঠিয়ে নাবালিকাটিকে নৃশংসভাবে গুলি করে হত্যা এবং ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

হুমকিবার্তা পেয়ে ভয়ে কাঁটা হয়ে পড়ে নাবালিকাটি। বিষয়টি সে তাঁর পরিবারকে জানালে, ওই রাতেই পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রথমে লোকলজ্জা ও ভয়ের কারণে বিষয়টি মৌখিকভাবে আমতলি থানায় জানিয়েছিল নাবালিকার পরিবার। তাঁরা ভেবেছিল হয়তো পুলিশি ভয়ে পিছু হটবে অভিযুক্ত।

কিন্তু আইনের তোয়াক্কা না করে অভিযুক্ত জয়দেব দেবনাথের দুঃসাহস যেন আরও বেড়ে যায়। পরিবারটির মুখ বন্ধ রাখতে বৃহস্পতিবার সকালেও ঠিক একই কায়দায় নাবালিকার মোবাইলে ফোন ও মেসেজ পাঠিয়ে গুলি করে খুন এবং ধর্ষণের হুমকি দিতে থাকে সে। লাগাতার এই মানসিক ও সাইবার হেনস্থায় কার্যত ভেঙে পড়ে ১৬ বছরের নাবালিকাটি। তাঁর মানসিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে ওঠে।

পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে এবং মেয়ের প্রাণ বাঁচাতে বৃহস্পতিবার দুপুরে বাধ্য হয়ে আমতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। লিখিত এজাহারে অভিযুক্ত জয়দেব দেবনাথের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে পিস্তল দেখিয়ে খুনের হুমকি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

আমতলি থানার পুলিশ অভিযোগ গ্রহণ করে নাবালিকার পরিবারকে আশ্বস্ত করেছে যে, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হবে এবং অভিযুক্ত জয়দেব দেবনাথের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিন থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়েন নাবালিকার পিতা। তিনি ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন,আমরা এখানে ভাড়া থাকি। একটা বখাটে ছেলে আমার নাবালিকা মেয়েটাকে পিস্তল দেখিয়ে যেভাবে শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে, তাতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। পুলিশ যেন দ্রুত ওই অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়।

বর্তমানে ওই এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয়রা বলছেন, একজন ১৬ বছরের নাবালিকাকে যেভাবে খোদ রাজধানীর উপকণ্ঠে অত্যাধুনিক অস্ত্রের ছবি দেখিয়ে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে,এখন দেখার, আমতলি থানার পুলিশ কত দ্রুত এই সাইবার অপরাধী তথা উত্যক্তকারীকে শ্রীঘরে পুরতে পারে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande