
আগরতলা, ২৮ মে (হি.স.) : সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার আগরতলার ৭ রামনগর মণ্ডলে শুরু হলো বিজেপি-র ‘পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’ কর্মসূচি। স্থানীয় বিজয় কুমার গার্লস এইচএস স্কুলে আয়োজিত এই দু’দিনব্যাপী মণ্ডল প্রশিক্ষণ বর্গকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
এদিন কর্মসূচির উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উদ্বোধনের শুরুতেই পন্ডিত দীনদয়াল উপাধ্যায়, ভারত মাতা এবং শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এরপর দলীয় পতাকা উত্তোলন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সর্বভারতীয় কর্মসূচির অংশ হিসেবেই দেশের বিভিন্ন প্রান্তে বিজেপি-র মণ্ডল স্তরে এই প্রশিক্ষণ অভিযান শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় রাজ্যেও বিভিন্ন মণ্ডলে এই কর্মসূচি আয়োজন করা হচ্ছে। ৭ রামনগর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথ সভাপতি, সাধারণ সম্পাদক, শক্তিকেন্দ্রের ইনচার্জ এবং মণ্ডল কমিটির পদাধিকারিকরা।
প্রশিক্ষণ শিবিরে রাজ্যস্তরের নির্বাচিত নেতৃবৃন্দ সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, বুথ ব্যবস্থাপনা, জনসংযোগ, আদর্শিক চর্চা, সরকারের উন্নয়নমূলক প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়া সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন। জানা যায়, মোট আটটি বিশেষ বিষয়ের উপর বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হবে।
এই প্রসঙ্গে বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার বলেন, “আদর্শ কর্মী ও দক্ষ সংগঠক তৈরি করাই এই প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য। সংগঠনের ভিত্তি আরও মজবুত করতে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি জানান, দুইদিনব্যাপী চলা এই কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মীরা শিবিরেই রাত্রিযাপন করবেন।
কর্মসূচি ঘিরে সকাল থেকেই দলীয় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে কর্মীরা উপস্থিত হন। পুরো কর্মসূচি জুড়ে সংগঠনের প্রতি কর্মীদের আগ্রহ, শৃঙ্খলা এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ