
পানিসাগর (ত্রিপুরা), ২৮ মে (হি.স.) : উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত সফল অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বার্মিজ সিগারেট উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সংঘটিত এই অভিযানে একটি গাড়ি থেকে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্ধার হয়। ঘটনায় গাড়ির চালকসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ডব্লিওবি-৮৯-৩০৩৯ নম্বরের একটি গাড়িতে বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী পাচার করা হচ্ছে বলে স্পেশাল ব্রাঞ্চের কাছে নির্দিষ্ট তথ্য পৌঁছায়। সেই তথ্যের ভিত্তিতে পানিসাগর মহকুমার একটি নাকা চেকপোস্টে নজরদারি বাড়ানো হয়। পরে সন্দেহভাজন গাড়িটিকে আটক করে তল্লাশি চালানো হয়।
প্রথমদিকে গাড়ির ভেতরে ঠান্ডা পানীয় ভর্তি একাধিক কার্টুন দেখতে পেয়ে বিষয়টি সাধারণ মালবাহী গাড়ি বলেই মনে হয়। তবে পুলিশের সন্দেহ হওয়ায় আরও গভীরভাবে তল্লাশি চালানো হয়। তখনই ঠান্ডা পানীয়ের কার্টুনগুলির নিচে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৪০ কার্টুন অবৈধ বার্মিজ সিগারেট উদ্ধার হয়।
উদ্ধার হওয়া সিগারেটের মধ্যে “মন্ট” এবং “পেট্রোন” নামে দুটি বিদেশি ব্র্যান্ডের প্যাকেট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এগুলি চোরাপথে ভারতে আনা হয়েছিল এবং পরে বিভিন্ন জায়গায় সরবরাহ করার পরিকল্পনা ছিল।
ঘটনাস্থল থেকেই গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। ধৃতদের নাম জুয়েল মিয়া ও বিজয় মগ। পুলিশ জানিয়েছে, জুয়েল মিয়ার বাড়ি কুমারঘাট এলাকায় এবং বিজয় মগের বাড়ি আমবাসা এলাকায়।
কর্তব্যরত পুলিশ আধিকারিক আশুতোষ শর্মা জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে গাড়িটি অসমের ভাঙ্গা এলাকা থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। উদ্ধার হওয়া সিগারেটগুলির কালোবাজারি মূল্য আনুমানিক ৩০ লক্ষ টাকার কাছাকাছি হতে পারে।
এই ঘটনাকে কেন্দ্র করে পাচারচক্রের বিস্তৃত নেটওয়ার্কের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পাচারের মূল চক্রী ও এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সন্ধান করার চেষ্টা চলছে। পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ