
কলকাতা, ২৯ মে (হি.স.) : খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ক্ষেত্রে এক বড়সড় পরিবর্তন দেখা যাবে বলে জানালেন রাজ্যের বিধায়ক ডা. ইন্দ্রনীল খান। শুক্রবার কলকাতা শহরে অ্যাসোচ্যাম -এর উদ্যোগে আয়োজিত ‘দ্য হেল্থমিট অ্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস - ২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা জানান। এদিনের অনুষ্ঠানে তিনি বলেন, স্বাস্থ্য প্রযুক্তি, ফার্মাসিউটিক্যাল উদ্ভাবন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কৃত্রিম মেধাভিত্তিক (এআই) স্বাস্থ্য গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠতে চলেছে বাংলা।
ডা. খানের দাবি, খুব শীঘ্রই রাজ্যের উপভোক্তাদের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতায় এনে এবিএইচএ কার্ড প্রদান করা হবে। এ বিষয়ে তাঁর বক্তব্য, “এখন থেকে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগীদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করাই হবে আমাদের প্রথম ও প্রধান লক্ষ্য।”
এদিনের অনুষ্ঠানে স্বাস্থ্য ক্ষেত্রের বিভিন্ন বিশেষজ্ঞ ও শিল্প প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান মঞ্চে অ্যাসোচ্যাম ও প্রাইমাস পার্টনার্স যৌথভাবে ‘এআই ইন হেল্থকেয়ার – ফ্রম ইনস্টিংক্ট টু ইনফারেন্স’ শীর্ষক একটি জ্ঞানপত্র (নলেজ পেপার) প্রকাশ করে। ওই জ্ঞানপত্রে ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থায় কৃত্রিম মেধার ক্রমবর্ধমান ও গুরুত্বপূর্ণ ভূমিকার উপর বিস্তারিত আলোকপাত করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত