
শিলিগুড়ি, ২৯ মে (হি.স.): বৃহস্পতিবার রাতে প্রবল ঝড়-বৃষ্টির মাঝেই ঘটলো বিপত্তি। বজ্রপাতের জেরে মোটর পুড়ে আচমকাই বিকল হয়ে গেল শিলিগুড়ির কিরণচন্দ্র শ্মশানের একমাত্র সচল থাকা বৈদ্যুতিক চুল্লিটি। এর ফলে বৃহস্পতিবার রাতে শ্মশানে শবদাহ করতে এসে চরম ভোগান্তির মুখে পড়েন মৃতের আত্মীয়-পরিজনরা।
পুরসভা সূত্রে জানা গেছে, কিরণচন্দ্র শ্মশানে মোট তিনটি বৈদ্যুতিক চুল্লি রয়েছে। তবে দীর্ঘদিন ধরেই তার মধ্যে মাত্র একটি চুল্লি সচল ছিল। বাকি দুটি চুল্লির মধ্যে একটির সংস্কারের কাজ চলছিল, এবং অন্যটির সংস্কার কাজ শেষ করে তা পুনরায় চালু করার প্রক্রিয়া চলছিল। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে ঝড়-বৃষ্টির সময় আচমকা বজ্রপাতে সচল চুল্লিটির মোটর পুড়ে যায়। রাতেই পুরসভার তরফে দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেওয়া হয়। যে চুল্লিটির সংস্কার কাজ শেষ করে পুনরায় চালুর প্রক্রিয়া চলছিল, তড়িঘড়ি সেটিকে চালু করে বৃহস্পতিবার গভীর রাতে পরিস্থিতি সামাল দেওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ