
রাজগড়, ২৯ মে (হি.স.) : মধ্যপ্রদেশের রাজগড় জেলার ব্যাওরা থানা এলাকায় শুক্রবার ভোরে একটি ওষুধের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইন্দোর নাকায় অবস্থিত বাগেশ্বর মেডিক্যাল স্টোরে আচমকাই আগুন লাগে। আগুনে বিপুল পরিমাণ ওষুধ, আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের জেরেই আগুন লাগার আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর ৫টা নাগাদ ওই ওষুধের দোকানে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে দোকান থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে শুরু করলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং আশপাশের দোকানদারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও দমকল বিভাগকে জানানো হয়। ঘটনাস্থলের কাছেই একটি পুলিশের গাড়ি উপস্থিত থাকায় কর্তব্যরত পুলিশকর্মীরা দ্রুত দোকানের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। কিছুক্ষণ পর দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানে মজুত বিপুল পরিমাণ ওষুধ, আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়ে নষ্ট হয়ে যায়। দোকানের মালিক মহেশ ডাঙ্গি জানিয়েছেন, এই ঘটনায় প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি আগুন নেভানোর সময় দোকানে জল ঢুকে পড়ায় বহু ওষুধও নষ্ট হয়ে গিয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, সময়মতো পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে না পৌঁছালে আগুন আশপাশের দোকান ও বাড়িতেও ছড়িয়ে পড়তে পারত।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস