
হাওড়া, ২৯ মে (হি.স.): হাওড়ার বাগনানের শরৎ পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যর অফিস থেকে উদ্ধার হলো ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এটিএম কার্ড-সহ বেশ কিছু সরকারি নথিপত্র। শুক্রবার সকালে এলাকার মানুষজন ওই তৃণমূল সদস্য মানস নায়েকের বাড়ি ঘেরাও করেন। তাঁদের অভিযোগ, ১০০ দিনের কাজ দেওয়ার নাম করে এইসব নথি নেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে চাইলেও ফেরত দিচ্ছিলেন না মানস। শুক্রবার এলাকার মানুষজন এইসব নথিপত্র মানস নায়েকের অফিসে দেখতে পান। তারপরেই এদিন মানসের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মানসের পরিবারের সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগনান থানার পুলিশ। মানসের পরিবারের একজনকে আটক করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ