
পূর্ব সিংভূম, ২৯ মে (হি.স.): ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে বৃহস্পতিবার গভীর রাতে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ। পরশুডিহ থানার অন্তর্গত মখদুমপুর রোডের কাছে ঘটেছে ঘটনাটি। ঘরের ভিতরে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য । শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম মহম্মদ জহির, পেশায় একজন অটোচালক।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিবারের সদস্যরা পুলিশকে জানান, মহম্মদ জহির তাঁর দাদু-ঠাকুমার বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকতেন। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, কয়েকদিন ধরে কোনও বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ক্রমাগত অশান্তি চলছিল। বৃহস্পতিবার রাতে দীর্ঘক্ষণ ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্যদের মনে সন্দেহ জাগে। স্থানীয়দের সহায়তায় দরজা খোলা হলে মহম্মদ জহিরের দেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক