
দুর্গাপুর, ২৯ মে (হি.স.) : রড বোঝাই ট্রাকের সঙ্গে পাথর বোঝাই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ আগুন লাগল দুই গাড়িতে। সেই আগুনেই দগ্ধ হয়ে মৃত্যু হল ডাম্পার চালকের। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটে পানাগড়-মোরগ্রাম সড়কের কাঁকসার চারের মাইল এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ছোটেলাল যাদব (৪০)। তিনি বিহারের বাসিন্দা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ পাথর বোঝাই ডাম্পারটি সিউড়ি থেকে পানাগড়ের দিকে যাচ্ছিল। অপরদিকে রড বোঝাই একটি ট্রাক ইলামবাজারের দিকে যাচ্ছিল। কাঁকসার চারের মাইল এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় দুই গাড়িতে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় গোটা এলাকা আতঙ্কিত হয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দু’টি ইঞ্জিন, কাঁকসা থানার পুলিশ এবং ট্র্যাফিক পুলিশ। প্রায় দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, প্রথমে গাড়ির ভিতরে কেউ আটকে রয়েছেন কি না তা বোঝা যায়নি।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় দুই গাড়িতে মোট চারজন ছিলেন। ডাম্পারের চালক ছোটেলাল যাদব গাড়ির ভিতরেই আটকে পড়েন এবং বেরোতে পারেননি। বাকি তিনজন কোনওক্রমে প্রাণে বাঁচেন। পরে গ্যাস কাটারের সাহায্যে ডাম্পারের ভিতর থেকে চালকের দেহ উদ্ধার করা হয়। আগুন নেভাতে ফোম ব্যবহার করতে হয় দমকলকর্মীদের।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা