
হিসার, ২৯ মে (হি.স.): উদ্যানপালন ও আধুনিক কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য হিসারের নারনৌণ্ডের প্রগতিশীল কৃষক কুলদীপ সিং আর্যকে জাতীয় স্তরের মর্যাদাপূর্ণ ‘এএসএম উদ্যান রত্ন পুরস্কার-২০২৬’-এ সম্মানিত করা হয়েছে। নয়াদিল্লিতে অবস্থিত লেফটেন্যান্ট অমিত সিং মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন কুলদীপ।
উল্লেখ্য, গোটা হরিয়ানা থেকে মাত্র চারজন কৃষক এই জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন, যার মধ্যে কুলদীপ সিং আর্যও রয়েছেন। জল সংরক্ষণের লক্ষ্যেই কৃষিকাজে পরিবর্তন আনেন কুলদীপ। যে অঞ্চলে মূলত বেশি জলনির্ভর ধান চাষ হয়, সেখানে তিনি ফসলের ধরনে বদল এনে উদ্যান ফসল চাষের সিদ্ধান্ত নেন, যাতে একদিকে যেমন জলের ব্যবহার কমে, তেমনই আয়ও বাড়ে। বর্তমানে তিনি ১০ একর জমিতে আধুনিক ও বহুফসল পদ্ধতিতে লেবু, এবং পেয়ারার চাষ করে সফল মডেল গড়ে তুলেছেন। পাশাপাশি হাই ডেনসিটি প্ল্যান্টেশন, ফার্টিগেশন এবং ইন্টারক্রপিং-এর মতো আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন ও আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছেন।
উদ্যানপালন দফতর তাঁর কৃষি মডেলকে প্রশিক্ষণ ও অনুপ্রেরণার উদাহরণ হিসেবেও স্বীকৃতি দিয়েছে। জাতীয় স্তরের এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের কৃষক, কৃষিবিজ্ঞানী এবং উদ্যানপালন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কৃষিক্ষেত্রে নতুন ভাবনা, আধুনিক প্রযুক্তির প্রসার এবং অন্যান্য কৃষকদের উৎসাহিত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকার জন্য কুলদীপ সিং আর্যকে এই সম্মান প্রদান করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস