
মুর্শিদাবাদ, ২৯ মে (হি.স.): ইদের ছুটিতে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। মৃতের নাম আনোয়ার শেখ ওরফে মিলন (৪১)। শুক্রবার সকালে শ্বশুরবাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
শুক্রবার স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের বাড়ি ডোমকলের শ্রীপতিপুর গ্রামে। ইদের দিন (বৃহস্পতিবার) তিনি হরিহরপাড়ার খামারমাটি এলাকায় শ্বশুরবাড়িতে আসেন। শুক্রবার সকালে শ্বশুরবাড়ির অদূরে একটি গাছে আনোয়ারের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। তারা দেহটি গাছ থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়।
মৃতের পরিবারের সদস্যদের দাবি, আনোয়ারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত শ্বশুরবাড়ির তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ