
কলকাতা, ২৯ মে (হি.স.): শুক্রবার দুপুরে আকস্মিক ঝড়-বৃষ্টির কারণে মেট্রোর মাটির উপরের অংশে প্রায় আধ ঘণ্টা পরিষেবা বন্ধ রাখতে হয়। ঝড়ের কারণে সাময়িক পরিষেবা বন্ধ রাখা হয়েছিল বলে মেট্রো সূত্রে খবর। জানা গেছে, ঝড় ও ভারী বর্ষণের সময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দুপুর ২টো ৫৫ মিনিট থেকে দুপুর ৩টে ২৫ মিনিট পর্যন্ত গিরিশ পার্ক এবং মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে সীমিত পরিষেবা চালু ছিল। এরপর স্বাভাবিক পরিষেবা পুনরায় চালু করা হয়। ঝড়ে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে শেডের আংশিক ক্ষতি হয়েছে। আপ প্ল্যাটফর্মে শেডের ক্ষতি হওয়ায় প্ল্যাটফর্ম জলে ভিজতে থাকে। স্টেশনের লিফট ও এসক্যালেটর বন্ধ করে দিতে হয়।
এদিকে, শিয়ালদা শহরতলির ট্রেনের শাখায় চক্র রেলের টালা সংলগ্ন এলাকায়, শিয়ালদা-বারাসাত শাখার বিশরপাড়া-কোদালিয়া , মধ্যমগ্রাম এবং কল্যাণী-রানাঘাট শাখায় রেল লাইনে গাছ পড়ার ঘটনায় শিয়ালদা উত্তর এবং মেন শাখায় লোকাল ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ