
গোন্ডা, ২৯ মে (হি.স.): উত্তর প্রদেশের গোন্ডা জেলায় বৃহস্পতিবার গভীর রাতে মনকাপুর থানার পুলিশ ও এসওজি (স্পেশাল অপারেশন গ্রুপ)-এর যৌথ অভিযানে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে এক দুষ্কৃতীর পায়ে গুলি লেগেছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার গোন্ডার পুলিশ সুপার বিনীত জয়সওয়াল জানান, গভীর রাতে মনকাপুর থানা পুলিশ ও এসওজি দলের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই হয়। পুলিশের পাল্টা অভিযানে কুখ্যাত দুষ্কৃতী ওমপ্রকাশ যাদব গুলিবিদ্ধ হয়ে জখম হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একইসঙ্গে আরও দুই দুষ্কৃতী প্রতীক যাদব ও আশিস বর্মাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতরা প্রায় চার দিন আগে এক সিমেন্ট ব্যবসায়ীর কাছ থেকে এক লক্ষ টাকা লুট করে এবং তাঁকে জখম করে। ওই ঘটনায় মনকাপুর থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। ধৃতদের কাছ থেকে লুটের ৪৪ হাজার টাকা, একটি মোটরবাইক, দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস