
বারুইপুর, ২৯ মে (হি. স.) : বারুইপুর স্টেশনে হকার উচ্ছেদ ঘিরে শুক্রবার ব্যাপক উত্তেজনা ছড়াল। দক্ষিণ ২৪ পরগনার শিয়ালদহ দক্ষিণ শাখার গুরুত্বপূর্ণ এই স্টেশনে দীর্ঘদিন ধরে বহু হকার ব্যবসা চালিয়ে আসছেন। অন্যান্য স্টেশনের মতো বারুইপুর স্টেশন থেকেও হকার সরানোর উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ। সেইমতো শুক্রবার দুপুরে রেল দফতরের আধিকারিকরা রেল পুলিশকে সঙ্গে নিয়ে স্টেশন চত্বরে উচ্ছেদ অভিযান শুরু করেন।
অভিযোগ, অভিযান চলাকালীন একটি দোকান ভাঙা হতেই ক্ষোভে ফেটে পড়েন হকাররা। তাঁরা দাবি করেন, পুনর্বাসনের কোনও ব্যবস্থা না করে জোর করে উচ্ছেদ করা যাবে না। হকারদের বক্তব্য, বহু বছর ধরে স্টেশনে ব্যবসা করে তাঁদের সংসার চলছে। হঠাৎ করে দোকান তুলে দিলে পরিবার নিয়ে চরম সমস্যায় পড়তে হবে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্টেশন চত্বরে জড়ো হন বহু হকার ও তাঁদের সমর্থকরা। বিক্ষোভ শুরু হয় স্টেশনের বিভিন্ন অংশে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হকারদের সমর্থনে আন্দোলনে নামে সিপিএমও। দলের পক্ষ থেকে দাবি করা হয়, বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনওভাবেই হকার উচ্ছেদ করা উচিত নয়।
বিক্ষোভের জেরে আপাতত উচ্ছেদ অভিযান বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। পরে রেল কর্তৃপক্ষ স্টেশন মাস্টারের ঘরে বৈঠকে বসেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত রেল পুলিশ। তবে হকারদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা