
বাঁকুড়া, ২৯ মে (হি.স.) : বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে সক্রিয় রক্ত দালাল চক্রের বিরুদ্ধে গোপন অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ডিএসপি (ডিএনটি) অরুণাভ দাসের নেতৃত্বে এক পুলিশ দল সাদা পোশাকে হাসপাতালে অভিযান চালায়।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, রোগীর আত্মীয় পরিচয় দিয়ে রক্তের খোঁজ করা হলে প্রথমে এক ব্যক্তি যোগাযোগ করেন। পরে আরও দু’জন সেখানে এসে যোগ দেন। অভিযোগ, প্রতি বোতল রক্তের জন্য তাঁরা ৬ হাজার টাকা দাবি করেন। এরপরই পুলিশ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে।
ধৃতদের নাম তাপস পাত্র, অমরনাথ রজক ও সুখদেব দাস। তারা সকলেই বাঁকুড়া শহরের কাটজুড়িডাঙ্গা ও গোপীনাথপুর এলাকার বাসিন্দা।
ডিএসপি (ডিএনটি) অরুণাভ দাস জানান, হাসপাতালে সক্রিয় দালালচক্র নির্মূল করতেই এই গোপন অভিযান চালানো হয়। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছে বাঁকুড়া ব্লাড ডোনার্স সোসাইটি। সংগঠনের সম্পাদক বিপ্রদাস মিদ্দা বলেন, “দীর্ঘদিন ধরেই আমরা দালালমুক্ত হাসপাতালের দাবি জানিয়ে আসছি। রক্তের চাহিদা মেটাতে নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। মানুষ স্বেচ্ছায় রক্তদান করছেন। তারপরও এই ধরনের দালালচক্র সক্রিয় থাকা অত্যন্ত উদ্বেগজনক।”
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট