
দেহরাদূন, ২৯ মে (হি.স.) : উত্তরাখণ্ডে শুক্রবার হঠাৎই আবহাওয়ার পরিবর্তন হয়েছে। আবহাওয়া দফতর রাজ্যের পাঁচটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ–সহ ঝড় এবং উচ্চ পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৩৮০০ মিটার বা তার বেশি উচ্চতার এলাকায় তুষারপাত হতে পারে। পাশাপাশি পাহাড়ি জেলাগুলিতে অনেক জায়গায় বজ্রপাত, শিলাবৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বাতাসের গতি ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
রাজ্যের উত্তরকাশী, দেহরাদূন, টেহরি, রুদ্রপ্রয়াগ ও চামোলি জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সমতল এলাকায় বজ্রপাতের পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
রাজধানী দেহরাদূনে আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
আগামী ১–২ দিনে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এরপর পরবর্তী ৩–৪ দিনে আবার তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন এলাকায় ভালো বৃষ্টি হয়েছে। দেবপ্রয়াগে ৬৯.৪ মিমি, তেহরিতে ৫৬.৪ মিমি, পিথোরাগড়ে ৪৮.৫ মিমি, মুসৌরিতে ৩৮.২ মিমি, কালসিতে ৭৬.৫ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য