
ফিরোজাবাদ, ২৯ মে (হি.স.): উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলার জসরানা থানা এলাকায় বৃহস্পতিবার রাতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কাকা ও ভাইঝির মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় এক কিশোরী–সহ আরও তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, জসরানা থানা এলাকার পালিয়া কালা মোড়ে বৃহস্পতিবার রাতে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে, একটি মোটরসাইকেলে থাকা যুবক অঙ্কিত যাদব এবং তাঁর সাত বছরের ভাইঝি অংশিকার ঘটনাস্থলেই মৃত্যু হয়। একই মোটরসাইকেলে থাকা অঙ্কিতের আরও এক পাঁচ বছর বয়সি ভাইঝি আহত হয়।
অন্য মোটরসাইকেলে থাকা মইনপুরী জেলার বাসিন্দা লভকুশ ও প্রেম সিংও দুর্ঘটনায় আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
এদিকে, হাসপাতালে পৌঁছে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মৃতদের পরিবারের সদস্যরা এবং বিক্ষোভ দেখান।
জসরানা থানার ইন্সপেক্টর রাজেশ পাণ্ডে জানান, চিকিৎসা সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে পরিজনেরা ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন। পরে তাঁদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস