প্রাক্তনের কাছ থেকে দায়িত্ব বুঝে নিলেন ত্রিপুরা বিজেপি-র নতুন সভাপতি অভিষেক
আগরতলা, ২৯ মে (হি.স.) : অবশেষে আনুষ্ঠানিকভাবে ত্রিপুরা প্রদেশ বিজেপি-র সভাপতির দায়িত্বভার গ্রহণ করলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক তথা নবনিযুক্ত প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়। শুক্রবার আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মা
অভিষেকের দায়িত্বভার গ্রহণ


আগরতলা, ২৯ মে (হি.স.) : অবশেষে আনুষ্ঠানিকভাবে ত্রিপুরা প্রদেশ বিজেপি-র সভাপতির দায়িত্বভার গ্রহণ করলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক তথা নবনিযুক্ত প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়। শুক্রবার আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন তিনি।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, বিদায়ী প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী কিশোর বর্মন, মন্ত্রী সুধাংশু দাস সহ দলের একাধিক বিধায়ক, পদাধিকারী ও কর্মী-সমর্থকরা। নতুন সভাপতিকে ঘিরে বিজেপি কার্যালয়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দলীয় কর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

দায়িত্বভার গ্রহণের পর নবনিযুক্ত সভাপতি অভিষেক দেবরায় দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দলের আদর্শ ও সংগঠনকে আরও শক্তিশালী করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে নিয়ে আগামী দিনে বুথভিত্তিক সংগঠনকে আরও মজবুত করার ওপর জোর দেন তিনি। একইসঙ্গে রাজ্যের প্রতিটি প্রান্তে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আশ্বাস দেন নতুন সভাপতি।

এদিন অভিষেক দেবরায়ের সাংগঠনিক দক্ষতার প্রশংসা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, “অভিষেক দেবরায় খুব অল্প বয়সেই দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব সফলভাবে সামলেছেন। বুথ কমিটির সভাপতি থেকে শুরু করে মণ্ডল সভাপতি, জেলা সভাপতি এবং বর্তমানে বিধায়ক— প্রতিটি ক্ষেত্রেই তিনি নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর নেতৃত্বে রাজ্যের বিজেপি সংগঠন আরও সুদৃঢ় ও শক্তিশালী হবে বলে আমরা আশাবাদী।”

মন্ত্রী কিশোর বর্মনও নবনিযুক্ত সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “অভিষেক দেবরায় তৃণমূল স্তর থেকে উঠে আসা একজন সংগঠক। সাধারণ কর্মীদের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে। ফলে তাঁর নেতৃত্বে দল আগামী দিনে আরও শক্তিশালী ভিত্তির উপর দাঁড়াবে।”

বিদায়ী সভাপতি রাজীব ভট্টাচার্যও নতুন সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে দলের ঐক্য ও সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, দলের কর্মীরাই বিজেপি-র মূল শক্তি এবং সেই শক্তিকে সঙ্গে নিয়েই নতুন সভাপতি সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবেন।

উল্লেখ্য, সম্প্রতি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়কে ত্রিপুরা প্রদেশ বিজেপি-র নতুন সভাপতি হিসেবে মনোনীত করেন। তরুণ মুখ হিসেবে তাঁর উপর দায়িত্ব অর্পণ করায় দলীয় মহলে নতুন উদ্দীপনার সঞ্চার হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande