
শান্তিরবাজার (ত্রিপুরা), ২৯ মে (হি.স.) : ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের কাঁঠালিয়া ছড়া ভিলেজ এলাকায় রাজনৈতিক ভাঙনের ঘটনা সামনে এল। বিধায়ক প্রমোদ রিয়াংয়ের নিজের পাড়া বলেই পরিচিত ওই এলাকায় বিজেপি ও সিপিআই(এম) ছেড়ে তিপ্রা মথা দলে যোগ দিলেন ৩৫টি পরিবারের মোট ১৫৪ জন ভোটার।
বৃহস্পতিবার রাতে মনি দেবনাথের বাড়িতে আয়োজিত উঠান সভার মধ্য দিয়ে এই দলবদলের ঘটনা। তিপ্রা মথা নেতা তথা দক্ষিণ জোনাল চেয়ারম্যান হরেন্দ্র রিয়াংয়ের হাত ধরে নবাগতরা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। পরে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান এমডিসি কেনারাম রিয়াং, দলের সেন্ট্রাল কমিটির সদস্য সেলিম মিয়া, সিনিয়র নেতা অজয় সাহা, চিত্ত দেববর্মা, প্রাক্তন ব্লক সভাপতি প্রতাপ রিয়াং, যুব নেতা রঞ্জু মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এলাকার দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে বিধায়ক ও স্থানীয় কিছু নেতৃত্বের দূরত্ব তৈরি হয়েছিল। অভিযোগ, টিটিএএডিসি নির্বাচনের পর থেকে এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের খোঁজখবর নেওয়া হয়নি। এমনকি বিধায়কের নিজের পাড়ার কর্মী-সমর্থকদের মধ্যেও অসন্তোষ বাড়ছিল। তারই জেরে একসঙ্গে এতগুলি পরিবারের দলত্যাগ ঘটেছে বলে মনে করা হচ্ছে।
রাজনৈতিক মহলের মতে, বিধায়ক প্রমোদ রিয়াংয়ের খাস তালুকে এই ধরনের ভাঙন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিশেষ করে জনজাতি পরিবারের বাইরে বড় অংশের ভোটার তিপ্রা মথায় যোগদান শাসকদলের জন্য নতুন অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে তিপ্রা মথা নেতা হরেন্দ্র রিয়াং বলেন, “বিধায়কের নিজের এলাকার মানুষই আজ মুখ ফিরিয়ে নিচ্ছে। সাধারণ মানুষ তিপ্রা মথার পতাকাতলে এসে বুবাগ্রার হাত শক্ত করছে।”
এই দলবদলের ফলে ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সমীকরণে নতুন পরিবর্তনের ইঙ্গিত মিলছে। নিজের এলাকাতেই কর্মী-সমর্থকদের ধরে রাখতে না পারায় বিধায়ক প্রমোদ রিয়াংয়ের সাংগঠনিক ভূমিকা নিয়েও এখন প্রশ্ন উঠতে শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ