
পানিসাগর (ত্রিপুরা), ২৯ মে (হি.স.) : রেলপথে গাঁজা পাচারের বড়সড় চেষ্টা ভেস্তে দিল পানিসাগর থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১৯ কেজি শুকনো গাঁজাসহ জনৈক ব্যক্তিকে আটক করা হয়েছে। ধৃতের নাম স্বপন নাথ। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য ৯ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পানিসাগর রেলস্টেশনে আগরতলা থেকে আসা একটি ট্রেন থেকে নামার পর সন্দেহজনক আচরণের কারণে স্বপন নাথকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। আগেই গোপন সূত্রে খবর ছিল যে, রেলপথে বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা হতে পারে। সেই সূত্র ধরেই স্টেশনে নজরদারি বাড়ানো হয়েছিল।
তল্লাশি চালানোর সময় ধৃতের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ শুকনো গাঁজা। ঘটনাস্থলেই স্থানীয় লোকজন ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে ব্যাগ খুলে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন পানিসাগরের ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
পুলিশ উদ্ধার হওয়া গাঁজা নিজেদের হেফাজতে নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত স্বপন নাথ সিধাই মোহনপুর এলাকায় তাঁর বোনের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকেই সে এই গাঁজা সংগ্রহ করে রেলপথে পানিসাগরে নিয়ে আসে বলে অনুমান তদন্তকারী আধিকারিকদের। পরে সেখান থেকে অন্যত্র পাচারের পরিকল্পনা ছিল বলেও সন্দেহ পুলিশের।
এনডিপিএস আইনে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি গাঁজার উৎস এবং সম্ভাব্য গন্তব্য সম্পর্কেও তদন্ত চালানো হচ্ছে।
এদিকে, সীমান্তবর্তী এলাকায় সম্প্রতি মাদক পাচারের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের অন্দরেও। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং রেলপথে নজরদারি বাড়ানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ