আইজিএম হাসপাতালে প্রসূতির মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা, চিকিৎসকের গাফিলতির অভিযোগ
আগরতলা, ২৯ মে (হি.স.) : রাজধানী আগরতলায় আইজিএম হাসপাতালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতার পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাসপাতালে পুলিশ ম
মৃত্যু


আগরতলা, ২৯ মে (হি.স.) : রাজধানী আগরতলায় আইজিএম হাসপাতালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতার পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয় এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, আমতলি এলাকার বাসিন্দা ভিভা দেবনাথ নামে জনৈকা সন্তানসম্ভবা গৃহবধূকে বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ আইজিএম হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবারের অভিযোগ, ভর্তি হওয়ার পর দীর্ঘ প্রায় ১৮ ঘণ্টা ধরে রোগীর যথাযথ চিকিৎসা করা হয়নি। হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কেবল রোগীকে পর্যবেক্ষণ করছিলেন, কিন্তু কোনও সিনিয়র চিকিৎসকের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

মৃতার পরিবারের দাবি, প্রসূতির সিজারিয়ান অপারেশন হবে কি না, সেই সিদ্ধান্ত নিতেই দেরি করতে থাকেন চিকিৎসকরা। একের পর এক তালবাহানার পর শুক্রবার ভোর ৫টা নাগাদ রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। কিন্তু সাড়ে ৫টা নাগাদ পরিবারের সদস্যদের কাছে তাঁর মৃত্যুর খবর পৌঁছায়।

এই খবর ছড়িয়ে পড়তেই মৃতার আত্মীয়-পরিজনরা হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা সেখান থেকে সরে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পুলিশে খবর দেওয়া হলে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মৃতার জনৈক নিকট আত্মীয় জানান, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে মুখ্যমন্ত্রী নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু একাংশ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর গাফিলতি এবং খামখেয়ালিপনার কারণে সেই উদ্যোগ প্রশ্নের মুখে পড়ছে। তাঁর অভিযোগ, “একজন সুস্থ সন্তানসম্ভবা মহিলাকে হাসপাতালে ভর্তি করার ১৮ ঘণ্টার মধ্যেই মৃতদেহ বাড়ি নিয়ে যেতে হচ্ছে। চিকিৎসকদের অবহেলার কারণেই দুটি তাজা প্রাণ ঝরে গেল।”

তিনি আরও জানান, এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। ঘটনাটিকে কেন্দ্র করে হাসপাতালের অন্যান্য রোগীর পরিজনদের মধ্যেও তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এদিকে, ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো ঘটনায় হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande