
আগরতলা, ২৯ মে (হি.স.) : ত্রিপুরা প্রদেশ বিজেপি-র নবনিযুক্ত সভাপতি অভিষেক দেবরায়ের সাংগঠনিক দক্ষতায় রাজ্যে ভারতীয় জনতা পার্টির সংগঠন আরও শক্তিশালী হবে বলে আশা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। শুক্রবার প্রদেশ বিজেপি-র নবনিযুক্ত সভাপতির দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরা প্রদেশ কমিটির নতুন সভাপতি হিসেবে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়ের নাম ঘোষণা করে। শুক্রবার আগরতলায় বিজেপি-র রাজ্য দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের হাত থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন অভিষেক দেবরায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, বিদায়ী প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, দলের বিভিন্ন শাখা সংগঠনের পদাধিকারী, বিধায়ক, নেতা-কর্মী এবং সমর্থকরা। নতুন সভাপতিকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানানো হয়। দলীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপিতে নেতৃত্বের পরিবর্তন একটি স্বাভাবিক ও সাংগঠনিক পরম্পরা। তিনি বলেন, “একসময় আমিও দলের রাজ্য সভাপতি ছিলাম। এরপর দায়িত্ব নেন রাজীব ভট্টাচার্য। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে দলকে এগিয়ে নিয়ে গেছেন। এবার সেই দায়িত্ব পড়েছে অভিষেক দেবরায়ের উপর।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, বুথ কমিটির সভাপতি থেকে শুরু করে মণ্ডল সভাপতি, জেলা সভাপতি এবং পরে বিধায়ক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে অভিষেক দেবরায়ের। দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা ও কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ থাকার কারণে তিনি দলের সাংগঠনিক ভিত আরও মজবুত করতে সক্ষম হবেন বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।
তিনি জানান, আগামী দিনে নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করতে নতুন সভাপতির নেতৃত্বে একাধিক সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হবে। তৃণমূল স্তরে দলের কার্যক্রম আরও বিস্তৃত করার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।
এদিন নবনিযুক্ত প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, দলের দেওয়া এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করবেন। তিনি বলেন, “আমার প্রধান লক্ষ্য হবে দল ও সরকারের মধ্যে সমন্বয় বজায় রেখে সংগঠনকে তৃণমূল স্তর পর্যন্ত আরও শক্তিশালী করা।”
তিনি আরও জানান, দলের প্রতিটি স্তরের নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের সহযোগিতা নিয়েই আগামী দিনে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। দলের আদর্শ ও উন্নয়নের বার্তা রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। নতুন সভাপতির নেতৃত্বে আগামী দিনে দল আরও গতিশীল হবে বলেই মনে করছেন দলীয় নেতৃত্ব।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ