
মরান (অসম), ৩০ মে (হি.স.) : উজান অসমের ডিব্রুগড় জেলার অন্তর্গত মরান এলাকার আমগুড়িতে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। দুরন্ত একটি মোটরবাইক রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা মারলে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে।
প্রাপ্ত খবরে প্রকাশ, দুই যুবক এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। বাড়ি ফেরার সময় মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রবল বেগে রাস্তার পাশে একটি গাছে গিয়ে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাইক আরোহীদের একজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।
নিহতদের লক্ষ্মীধর গগৈ এবং হেমকান্ত গগৈ বলে শনাক্ত করা হয়েছে। তাঁরা দুজনেই খোয়াং দুলিয়া লাহোয়াল এলাকার বাসিন্দা ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় স্থানীয় থানার পুলিশ। তাঁরা দুই যুবকের মৃতদেহের ময়নাতদন্ত করতে ডিব্রুগড়ে আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে কী করে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে, তার তদন্ত শুরু করেছেন।
এদিকে মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দুই যুবকের অকালমৃত্যুতে গভীর শোকাহত।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস