
নবদ্বীপ, ৩০ মে (হি.স.): নদিয়া জেলার নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহাকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে তাঁকে বাড়ি থেকে বার করে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ, বিমানের আবাসনের পাশেই একটি ক্লাব থেকে গুচ্ছ গুচ্ছ ত্রাণসামগ্রী উদ্ধার করে পুলিশ। অভিযোগ, সাধারণ মানুষের মধ্যে বিলি না-করে সেগুলি ক্লাবঘরে মজুত করে রেখেছিলেন এই তৃণমূল নেতা। রাতে তাঁকে পুলিশ নিয়ে যাওয়ার সময় বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। বিমান অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।
শুক্রবার রাতে নবদ্বীপের বরালহাট স্পোর্টিং ক্লাবে হানা দেয় পুলিশ। অভিযোগ, ক্লাবের ১০টি ঘরে মজুত করে রাখা হয়েছিল ত্রাণের সামগ্রী। এই খবর ছড়াতেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ভোররাতে ৩.৪০ মিনিট নাগাদ নবদ্বীপ থানার পুলিশবাহিনী বিমানের বাড়ির সামনে পৌঁছোয়। বাড়ি ঘিরে ফেলা হয়। পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও ছিল। বাড়ি থেকে বিমানকে বার করে গাড়িতে তোলে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ