গোপীবল্লভপুরে গুলিকাণ্ডে ৯ ঘণ্টার মধ্যে তিন অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র
ঝাড়গ্রাম, ৩০ মে (হি.স.) : গোপীবল্লভপুরে প্রকাশ্য দিবালোকে গুলিকাণ্ডের ঘটনায় দ্রুত সাফল্য পেল পুলিশ। এক ব্যক্তিকে গুলি করে জখম করার মাত্র ৯ ঘণ্টার মধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড ত
গোপীবল্লভপুরে গুলিকাণ্ডে ৯ ঘণ্টার মধ্যে তিন অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র


ঝাড়গ্রাম, ৩০ মে (হি.স.) : গোপীবল্লভপুরে প্রকাশ্য দিবালোকে গুলিকাণ্ডের ঘটনায় দ্রুত সাফল্য পেল পুলিশ। এক ব্যক্তিকে গুলি করে জখম করার মাত্র ৯ ঘণ্টার মধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাজনৈতিক কারণে নয়, দীর্ঘদিনের ব্যক্তিগত শত্রুতার জেরেই এই হামলার ঘটনা ঘটেছে।

শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে গোপীবল্লভপুরের মদনশোল গ্রামের বাসিন্দা আকুল সেনাপতি (৪৭) হাসপাতালে যাওয়ার পথে মোটরসাইকেলে চেপে আসা দুই দুষ্কৃতীর গুলির শিকার হন। গুরুতর জখম অবস্থায় তাঁকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আকুল সেনাপতির বোনের অভিযোগের ভিত্তিতে গোপীবল্লভপুর থানায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার বড়শোল থানার পাঁচান্দো গ্রামের শীতল রানা, গোপীবল্লভপুর থানার চাপাসর গ্রামের গুরুপ্রসাদ দলই এবং মদনশোল গ্রামের ত্রিনাথ দলই ওরফে রাজুকে গ্রেফতার করে। ধৃতদের বয়স ২১ থেকে ২২ বছরের মধ্যে।

পুলিশের দাবি, ২০২১ সালে একটি চড়ক মেলাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদের সূত্রপাত হয়। সেই সময় আকুল সেনাপতি ও শীতল রানার মধ্যে সংঘর্ষ হয়েছিল। তদন্তকারীদের অনুমান, সেই পুরনো শত্রুতার জেরেই এই হামলা চালানো হয়েছে।

তদন্তে আরও জানা গিয়েছে, শীতল রানাই গোটা ঘটনার মূল পরিকল্পনাকারী হতে পারে। ঘটনার নেপথ্যে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

এদিন ঝাড়গ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) গোলাম সারোয়ার বলেন, “ঘটনার পরপরই তদন্ত শুরু করা হয়। বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে অল্প সময়ের মধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande