
নগাঁও (অসম), ৩০ মে (হি.স.) : নগাঁওয়ের বড়ঘাট বাইপাসে ডাকাতি বা চুরির উদ্দেশ্যে ব্যবহারযোগ্য নানা ধরনের সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে আটক করা হয়েছে পাঁচজনকে। আটকদের ডবকার বাসিন্দা মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ নারজুল ইসলাম (২৮), মোহাম্মদ ফয়জুল হক (২৪), মোহাম্মদ ইসমাইল আলি (২৪) এবং মোহাম্মদ আব্দুল খলিল (২৫) বলে পরিচয় পাওয়া গেছে।
আজ জেলা পুলিশের আধিকারিক সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে বড়ঘাট বাইপাসে নাকা তালাশি চালানো হয়েছিল। গভীর রাতে নগাঁওমুখী এএস ০২ এএফ ৪৪৫৮ নম্বরের চার চাকার একটি সাদা রঙের মারুতি অল্টো গাড়ির গতিরোধ করা হয়। স্থানীয় কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে গাড়িটিতে তালাশি চালিয়ে একটি হলুদ রঙের হাইড্রোলিক লোহার কাটার, একটি ছোট কাটার, একটি ধারালো দা, একটি ভি-আকৃতির লোহার রড, একটি লোহার রড, দুটি কালো মুখোশ, ব্লেড সহ একটি হ্যাকসো, একটি প্লাস্টিকের দড়ি এবং দুটি কালো হেলমেট উদ্ধার করেছেন অভিযানকারী পুলিশকর্মীরা।
উদ্ধারকৃত সরঞ্জামের ভিত্তিতে পুলিশের সন্দেহ, দলটি ডাকাতির উদ্দেশ্যে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বড়ঘাট পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে. তাদের পরিকল্পনা ও কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্ভাব্য যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস