
বিশ্বকাপের গ্রুপ পর্ব মানেই শুধু আনুষ্ঠানিকতা নয়। এটি এমন এক সিরিজ ম্যাচ যেখানে লুকিয়ে থাকে ইতিহাসের ছাপ কৌশলগত লড়াই এবং ব্যক্তিগত নৈপুণ্যের ঝলক। এসব ম্যাচ অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ নির্ধারণ করে দেয়। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে এমন কিছু অপেক্ষায় ক্রীড়া বিশ্ব এই ধারাবাহিকে আজ থাকছে স্পেন ও উরুগুয়ে ম্যাচ।
কলকাতা, ৩০মে(হি.স.):
ফুটবল বিশ্বকাপে স্পেন এবং উরুগুয়ের দ্বৈরথ ফুটবল ইতিহাসের অন্যতম আকর্ষণীয় ও রোমাঞ্চকর এক লড়াই। স্পেন এবং উরুগুয়ে—দুটি দলই বিশ্ব ফুটবলে তাদের সমৃদ্ধ ইতিহাস এবং সাফল্যের জন্য সুপরিচিত। বিশ্বকাপে এই দুই পরাশক্তির দ্বৈরথ সব সময়ই উত্তেজনার পারদ চড়ায়। এদের মধ্যে সবচেয়ে স্মরণীয় লড়াইটি দেখা গিয়েছিল ১৯৫০ সালের ব্রাজিল বিশ্বকাপে। সেই আসরের চূড়ান্ত পর্বে স্পেন ও উরুগুয়ে একে অপরের মুখোমুখি হয়েছিল এবং ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। ওই বিশ্বকাপের শেষ পর্যন্ত উরুগুয়ে চ্যাম্পিয়নের মুকুট পরেছিল।
২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন তাদের নান্দনিক ও পাসিং নির্ভর 'টিকি-টাকা' ফুটবলের জন্য সুপরিচিত। ইউরোপীয় ফুটবলের অন্যতম শক্তিশালী এই দলটি সবসময়ই বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল।আর প্রথম ফুটবল বিশ্বকাপের (১৯৩০) চ্যাম্পিয়ন উরুগুয়ে ল্যাটিন আমেরিকার ফুটবল পরাশক্তি। আক্রমণাত্মক ও শারীরিক ফুটবলের জন্য পরিচিত এই দলটি তাদের ফুটবল ইতিহাসে সবসময়ই যেকোনো প্রতিপক্ষের জন্য আতঙ্কের কারণ।
বিশ্বকাপে স্পেন ও উরুগুয়ের লড়াইয়ে দুই দলই তাদের সেরাটা উজাড় করে দেয়। দুই দলের ঐতিহ্য ও খেলার ধরনের ভিন্নতা এই ম্যাচকে করে তোলে দারুণ উপভোগ্য।
উরুগুয়ের ঐতিহ্যবাহী লড়াকু মানসিকতা বনাম স্পেনের শৈল্পিক ফুটবল দর্শনের এই সংঘর্ষ ফুটবলপ্রেমীদের কাছে সবসময়ই এক আরাধ্য ম্যাচ।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি