
কলকাতা, ৩০ মে (হি.স.): নানা অভিযোগে তৃণমূল কাউন্সিলরদের পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে আসছে। শুক্রবার রাতে ও শনিবার ভোরে পর পর আরও দু’জন কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। এক জন মাছ চুরিতে অভিযুক্ত, অন্য জন তোলাবাজি এবং দুর্নীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ।
ধৃতদের মধ্যে একজন বসিরহাট পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস। আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শুক্রবার রাতে গোপালের বাড়িতে গিয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করে। অপরজন রাজপুর সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরুণ সরকার। শনিবার ভোরে তাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, স্থানীয় একটি মাছের ভেড়ি থেকে তিনি মাছ চুরি করছিলেন। এলাকার কয়েক জন সেখানে জড়ো হয়ে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁকে সেখানে আটকে রাখা হয়েছিল। পরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ