
শিলিগুড়ি, ৩০ মে (হি.স.): দেশজুড়ে মহিলাদের জরায়ুমুখের ক্যান্সার (সার্ভাইকাল ক্যান্সার) থেকে রক্ষা করতে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকাকরণ অভিযান শুরু হয়েছে। এরই অঙ্গ হিসেবে এবার পশ্চিমবঙ্গেও এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রকল্পের সূচনা হলো। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অভিযানের আনুষ্ঠানিক শুভারম্ভ করেন।
রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি শনিবার থেকে শিলিগুড়ি জেলা হাসপাতালেও এই এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছে। এই কর্মসূচির আওতায় মূলত ১৪ বছর বয়সী কিশোরীদের এই প্রতিষেধক বা টিকা দেওয়া হবে, যা ভবিষ্যতে জরায়ুমুখের ক্যান্সারের ঝুঁকি কমাতে অত্যন্ত কার্যকরী বলে মনে করা হয়।
শনিবার শিলিগুড়ি জেলা হাসপাতালে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তিনি বেশ কয়েকজন কিশোরীর হাতে টিকাকরণ শংসাপত্র (সার্টিফিকেট) তুলে দেন এবং অন্যান্য কিশোরীদেরও এই টিকা নেওয়ার আহ্বান জানান। স্বাস্থ্য দফতরের মতে, এই অভিযানের ফলে রাজ্যে জরায়ুমুখের ক্যান্সারের আক্রান্তের সংখ্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে এবং মহিলাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি