
হুগলি , ৩০ মে (হি.স.) : কামারপুকুরের একটি ক্লাবে আইপিএল ম্যাচ দেখতে গিয়ে আক্রান্ত হন এক ব্যক্তি। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে গোঘাট থানার পুলিশ। শনিবার ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম গুরুদাস কর্মকার। তিনি বিজেপির কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শুক্রবার রাতে কামারপুকুরের দিশারী ক্লাবে বসে আইপিএল ম্যাচ দেখার সময় কয়েকজন দুষ্কৃতী সেখানে ঢুকে তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ।
স্থানীয়দের দাবি, হামলাকারীরা প্রথমে ক্লাবের আলো নষ্ট করে দেয়। এরপর গুরুদাস কর্মকারকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।
হামলার নেপথ্যে রাজনৈতিক বিরোধ, ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA