
দুর্গাপুর, ৩১ মে (হি.স.) : প্রভাব খাটিয়ে এক মহিলাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও করে ব্ল্যাকমেল করার অভিযোগে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায়। রবিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে আদালত পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম চিরঞ্জিত সাহা। তিনি কোকওভেন থানার বিদ্যাসাগর পল্লির বাসিন্দা এবং সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
অভিযোগ, ২০২৫ সালের অক্টোবর মাস থেকে অভিযুক্ত ওই মহিলার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করত। নির্যাতনের ঘটনার ভিডিওও গোপনে রেকর্ড করা হয় বলে অভিযোগ। বিষয়টি কাউকে জানালে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হত। পুলিশের প্রভাব খাটিয়ে ভয় দেখানো এবং মুখ বন্ধ রাখতে চাপ সৃষ্টি করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন নির্যাতিতা।
চলতি বছরের ২৮ এপ্রিল দুর্গাপুর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে ধর্ষণ, গোপন নজরদারি, পিছু নেওয়া, ভয়ভীতি প্রদর্শন, হুমকি, শারীরিক নির্যাতন এবং প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তের ভিত্তিতে কোকওভেন থানা এলাকার বিদ্যাসাগর পল্লি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নির্যাতিতা দাবি করেছেন, দীর্ঘদিন ধরে ভয় দেখিয়ে এবং ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে তাঁকে বারবার নির্যাতন করা হয়েছে। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।
এদিকে, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বলেন, “অভিযোগ পাওয়ার পর পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা