
চণ্ডীগড়, ৩১ মে (হি.স.) : পঞ্জাবের হালওয়ারা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম বৃষ্টিতেই ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু। রবিবার তিনি এ ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছেন এবং নির্মাণকাজের গুণমান ও নিরাপত্তার ক্ষেত্রে কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন।
শনিবারের প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পর বিমানবন্দরের টার্মিনাল ভবনের একাধিক অংশে জল চুঁইয়ে পড়া, ফলস সিলিং ক্ষতিগ্রস্ত হওয়া এবং অন্যান্য কাঠামোগত ত্রুটির খবর সামনে আসে। ঘটনাটি নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে রবনীত সিং বিট্টু জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন।
তিনি বলেন, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত হালওয়ারা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম বৃষ্টিতেই যে ধরনের ক্ষতি হয়েছে, তা নির্মাণকাজের মান নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। প্রবল বৃষ্টি ও ঝড়ে যেভাবে বিমানবন্দরের ভবনের ক্ষতি হয়েছে, তাতে যাত্রী ও কর্মীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারত বলেও মন্তব্য করেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, জনসাধারণের উদ্বেগের কথা মাথায় রেখে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া অত্যন্ত জরুরি। তিনি পূর্ত দফতর (পিডব্লিউডি)-এর সংশ্লিষ্ট আধিকারিক এবং নির্মাণকাজে যুক্ত ঠিকাদারের ভূমিকা খতিয়ে দেখার দাবি জানান।
রবনীত সিং বিট্টু আরও বলেন, তদন্তে যদি কোনও স্তরে অবহেলা, গাফিলতি বা নির্মাণগত ত্রুটির প্রমাণ মেলে, তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
উল্লেখ্য, শনিবারের প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সময় হালওয়ারা বিমানবন্দরের টার্মিনাল ভবনের বিভিন্ন অংশে জল ঢুকে পড়ে এবং ফলস সিলিংয়ের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর সামনে আসে। এরপরই নির্মাণকাজের গুণমান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য