
হুগলি, ৩১ মে (হি.স.): এবার বিক্ষোভের মুখে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলির চণ্ডীতলা থানায় রবিবার সকালে ডেপুটেশন জমা দিতে গিয়ে মাথায় ঢিল লেগে আহত হন কল্যাণ। চোট পেয়ে তিনি মাটিতে পড়ে যান। তাঁকে হেনস্থা করার অভিযোগও উঠেছে। তৃণমূল সাংসদ অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি কর্মীদের দিকে। বিজেপি যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে।
শনিবার সোনারপুরে গিয়ে হেনস্থার শিকার হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে রবিবার চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন কল্যাণ এবং তৃণমূলের কর্মীরা। থানার সামনে বসে বিক্ষোভও দেখাচ্ছিলেন। সেই সময় তাঁকে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ। চোর চোর স্লোগান দেওয়ার অভিযোগও উঠেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ