
লখনউ, ৪ মে (হি.স.) : রবিবার গভীর রাত থেকে গত ২৪ ঘণ্টায় উত্তর প্রদেশের একাধিক জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ২৭ জন। ঘটনায় রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন।
রবিবার গভীর রাতে অম্বেডকরনগর জেলার জলালপুর এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় দুই ভাই-সহ ৮ জনের মৃত্যু হয়।
রবিবার গভীর রাতে রায়বেরেলির গঙ্গা এক্সপ্রেসওয়েতে একটি লোডার ট্র্যাক্টরকে ধাক্কা মারলে ট্র্যাক্টর চালকের মৃত্যু হয় এবং কয়েকজন আহত হন।রবিবার রাতে ফতেহপুর জেলায় দুই মোটরবাইকের সংঘর্ষে একজনের মৃত্যু হয় এবং আরও তিনজন আহত হন।
একইভাবে রবিবার গভীর রাতে বুলন্দশহরে একটি দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয় এবং তাঁর বাবা গুরুতর জখম হন।
সোমবার সকালে জালাউন জেলার ঝাঁসি-কানপুর জাতীয় সড়ক-২৭-এ একটি দ্রুতগামী গাড়ি ট্রাকের পিছনে ধাক্কা মারলে একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়। তাঁরা অযোধ্যা থেকে ফেরার পথে ছিলেন। সোমবার বস্তি জেলায় একটি ডাম্পার তিনটি টেম্পোতে ধাক্কা মারলে এক যাত্রীর মৃত্যু হয় এবং ১৫ জন আহত হন। পুলিশ জানিয়েছে, সব ঘটনার তদন্ত শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য