
ঝাড়গ্রাম, ৬ মে (হি.স.) : ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হওয়ার পরই এলাকায় পরিষেবা খতিয়ে দেখতে সক্রিয় হলেন নবনির্বাচিত বিধায়ক লক্ষীকান্ত সাউ। বুধবার আচমকাই তিনি ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিদর্শনে যান।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ ও পরিষেবা ঘুরে দেখেন তিনি। কোথাও কোনও সমস্যা বা ঘাটতি রয়েছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখেন এবং হাসপাতালের কর্মীদের সঙ্গেও কথা বলেন।
পরিদর্শনের পর হাসপাতালের এমএসভিপি অনুরূপ পাখিরার সঙ্গে বৈঠক করেন বিধায়ক। চিকিৎসা পরিষেবা উন্নয়ন, রোগীদের সুবিধা বৃদ্ধি এবং পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিধায়ক স্পষ্ট করে জানান, রোগীর চিকিৎসায় কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। দ্রুত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের খাবারের মান উন্নত করার ওপরও জোর দেন।
লক্ষীকান্ত সাউ বলেন, ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজকে আধুনিক ও উন্নত স্বাস্থ্যকেন্দ্রে পরিণত করাই তাঁর লক্ষ্য। সেই লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, “মানুষের স্বার্থই সবার আগে। হাসপাতালের পরিষেবা উন্নত করতে নিয়মিত নজরদারি চালানো হবে এবং সমস্যার দ্রুত সমাধান করা হবে।”
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো