
বসিরহাট, ১ জুন (হি. স.) :উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার হাকিমপুর চেকপোস্টে প্রায় ৫০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। সোমবার সীমান্ত সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে আরও কয়েকজন বাংলাদেশি এই চেকপোস্টে এসে হাজির হয়েছেন। তাঁদের দাবি, বিভিন্ন সময়ে দালালদের মাধ্যমে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং পরে দেশের বিভিন্ন রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করতেন।জানা গিয়েছে, বর্তমানে বাদুড়িয়া, স্বরূপনগর-সহ তিনটি হোল্ডিং সেন্টারে মোট প্রায় ২৫০ জন অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে। তাঁদের পরিচয় ও নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। বিএসএফের পক্ষ থেকে ফিঙ্গারপ্রিন্ট, বায়োমেট্রিক তথ্য সংগ্রহ এবং অন্যান্য প্রয়োজনীয় যাচাই প্রক্রিয়া চালানো হচ্ছে।বিএসএফ সূত্রে খবর, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় সম্পূর্ণভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে না। যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর দুই দেশের নিয়ম মেনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।হোল্ডিং সেন্টারগুলিতে থাকা শিশু, মহিলা ও পুরুষদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা, খাবার, পানীয় জল এবং নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তত্ত্বাবধানে তাঁদের সার্বিক দেখভাল করা হচ্ছে, যাতে দেশে ফেরার আগে কোনও ধরনের সমস্যার মুখোমুখি হতে না হয়। প্রশাসন গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়