
কলকাতা, ২ জুন (হি. স. ) : মঙ্গলবার ওয়াই চ্যানেলে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন হাতেগোনা কয়েকজন বিধায়ক ও সাংসদ। ওঠে ‘জয় বাংলা’ স্লোগান। মঞ্চ বাঁধার অনুমতি না মেলায় রেলিংয়ের পাশে দাঁড়িয়ে বক্তব্য রাখেন মমতা। কিন্তু উপস্থিত নেতাদের সংখ্যাই বলে দেয়, তৃণমূল ভেঙে পড়েছে তাসের ঘরের মতো।
প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘‘আমি কারও সুদিনে না-হোক, দুর্দিনে আছি।’’ তাঁর কথায়, ‘‘বিজেপি বাদে সব রাজনৈতিক দলের সঙ্গে আমার সুসম্পর্ক আছে। তবে বিজেপির যাঁরা বলেছেন, তাঁদের পাশেও ছিলাম।’’ ভোটের পর থেকে তাঁকে আটকানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা। এ-ও বলেন, ‘‘জিয়েঙ্গে তো বিজেপি কো হাটাকে যায়েঙ্গে (যদি বেঁচে থাকি বিজেপি-কে সরাবই)।’’
তৃণমূলনেত্রীর কটাক্ষ, “আমাদের সাংসদ, বিধায়ক, কাউন্সিলরদের ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করছে। অনৈতিকভাবে ভয় দেখানো হচ্ছে। ভয় পাবেন না'’। তবে প্রবল চিৎকারের কারণে ভাষণ থামিয়ে দেন তিনি।
এদিন মমতা বলেন, আমাকে আটকাতে পারবেন না। বাংলায় ১৭৭ আসনে ভোটসুট (নির্বাচনী মামলা) হয়েছে। সংবিধান রক্ষা করব। বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আমাদের কর্মী-সমর্থকরা আক্রান্ত।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত