
বারুইপুর , ২ জুন (হি.স.) : মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পশ্চিম ১ নং মণ্ডল বিজেপির উদ্যোগে বারুইপুর পৌরসভার সামনে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দেন বারুইপুর পশ্চিম ১ নং মণ্ডলের সভাপতি আইনজীবী গৌতম চক্রবর্তী।
বিজেপির অভিযোগ, বারুইপুর পৌরসভার একাধিক ওয়ার্ডে দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট, ময়লা পরিষ্কারে অনিয়ম এবং অবৈধ নির্মাণের ঘটনা বেড়ে চলেছে। এই সমস্ত সমস্যার দ্রুত সমাধানের দাবিতে পৌরসভার সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী-সমর্থকরা। বিক্ষোভকারীদের দাবি, সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার প্রতি পৌরসভার উদাসীনতার কারণেই এলাকার বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অবিলম্বে জল সরবরাহের উন্নতি, নিয়মিত সাফাই ব্যবস্থা এবং অবৈধ নির্মাণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। এদিন বিক্ষোভ মঞ্চ থেকে পৌর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বিজেপি নেতৃত্বের হুঁশিয়ারি, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে দল। বিজেপির নেতা গৌতম চক্রবর্তী বলেন, “ একটা অকর্মণ্য তৃণমূলের বোর্ড এই পুরসভা চালাচ্ছে। সাধারণ মানুষের নুন্যতম নাগরিক পরিষেবাটাও এঁরা দিতে ব্যর্থ। এই ব্যর্থতার দায় নিয়ে ওঁদের স্বরে দাঁড়ানো উচিৎ।”
যদিও এ ব্যাপারে বারুইপুর পৌরসভা উপ পৌর প্রধান গৌতম কুমার দাস বলেন, “ মূলত গ্রীষ্মকালে জলের স্তর অনেক কমে যায়, যার ফলে বারুইপুর পৌরসভার যে সমস্ত পাম্পিং স্টেশন আছে সেখান থেকে যম জল কম উঠার কারণে জলের গতিবেগ অনেকটা কমে যায়। অন্যদিকে পৌরসভা এলাকায় দুদিন পানীয় জলের সমস্যা হয়েছিল, তবে সেটা পৌরসভার কারণে নয়।” ডোঙারিয়াতে পিএইচর যেখান থেকে জল আসে সেখানে মূল মেশিন খারাপ হওয়ার কারণে দুদিন জলে সমস্যা হয়েছিল, তবে এখন তা সমাধান হয়ে গেছে বলে জানান তিনি। তিনি আরও জানান যেখানে যেখানে এখনও পর্যন্ত একটু আধটু পানীয় জলের সমস্যা আছে সেখানে পৌরসভা থেকে জলের ট্যাংক পাঠিয়ে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। অমৃত প্রকল্পের যে কাজ বারুইপুর পৌরসভায় চলছে তা আগামী ২০২৬-এর ডিসেম্বর মাস পর্যন্ত ১০০ শতাংশ জলের সমস্যার সমাধান হবে বলে আশাবাদী তিনি।
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা