
হাওড়া, ১ জুন (হি. স.): প্রাক্তন মন্ত্রী তথা মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়ের বাড়ির সামনে একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ কম্বল, ত্রিপল ও অন্যান্য সামগ্রী ম্যাটাডোরে করে নিয়ে যাওয়ার সময় তা আটকানোর অভিযোগে উত্তেজনা ছড়াল এলাকায়। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখান এবং অরূপ রায়ের বাড়ির সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।বিজেপি কর্মীদের অভিযোগ, গোডাউনে মজুত থাকা এই সামগ্রীগুলি সরকারি প্রকল্পের আওতায় সাধারণ মানুষের মধ্যে বিতরণ করার কথা ছিল। কিন্তু সেগুলি মানুষের হাতে না পৌঁছে অন্যত্র পাচার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এই অভিযোগ তুলে তারা ম্যাটাডোরটি আটকে দেয় এবং ঘটনার প্রতিবাদে সরব হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় বাসিন্দারাও বিক্ষোভে সামিল হন। এলাকায় “চোর চোর” স্লোগানও ওঠে বলে অভিযোগ।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে।অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অরূপ রায়। তাঁর দাবি, ওই সামগ্রীগুলি মানুষের মধ্যে বিতরণের উদ্দেশ্যেই মজুত রাখা হয়েছিল। তিনি জানান, বিষয়টি নিয়ে জেলাশাসককে চিঠি দিয়ে অবহিত করা হয়েছিল। জেলাশাসকের নির্দেশ অনুযায়ী সামগ্রীগুলি ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছিল বলেই সেগুলি ম্যাটাডোরে তোলা হয়েছিল। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়