
হাওড়া, ১ জুন (হি. স.) : জেলার নিচুতলার কর্মীরা তো বটেই, দলের সাংসদ, বিধায়ক আক্রান্ত হলেও শীর্ষ নেতৃত্ব খবর রাখছেন না। এ ভাবেই ক্ষোভ উগরে দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক অরূপ রায়।
তাঁর অভিযোগ, গত শনিবার তাঁর বাড়িতে হামলার পরেও দলের কেউ ফোন করে খোঁজ পর্যন্ত নেননি। সোমবার বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে অরূপ অভিযোগ করেছেন, উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজা আক্রান্ত হয়েছেন। তিনি ঘরছাড়া, তাঁর বাড়িতে হামলা হয়েছে, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হল।
তা ছাড়া জেলায় জেলায় তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছেন। অথচ দল নীরব ভূমিকা পালন করছে। নেতৃত্বের ‘সমর্থন’ পাচ্ছেন না জেলার নেতারা। নিজের উদাহরণ দিয়ে প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন, শনিবারের ঘটনার পর দলের কেউ ফোন করে খোঁজ পর্যন্ত নেননি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত