মহিলাদের ভাড়া ফ্রি পরিষেবার প্রথম দিনেই বিতর্ক, ধূপগুড়িতে সরকারি বাস থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ
ধূপগুড়ি, ১ জুন (হি. স.): রাজ্য সরকারের ঘোষণায় ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রা পরিষেবা চালু হয়েছে। সোমবার পরিষেবা শুরুর প্রথম দিনেই জলপাইগুড়ির ধূপগুড়িতে সরকারি বাস থেকে তিন মহিলাকে নামিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি
বাসযাত্রী


ধূপগুড়ি, ১ জুন (হি. স.): রাজ্য সরকারের ঘোষণায় ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রা পরিষেবা চালু হয়েছে। সোমবার পরিষেবা শুরুর প্রথম দিনেই জলপাইগুড়ির ধূপগুড়িতে সরকারি বাস থেকে তিন মহিলাকে নামিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।অভিযোগ, ভুটনিরঘাট থেকে সোনাপুর যাওয়ার উদ্দেশ্যে তিন মহিলা একটি সরকারি বাসে ওঠেন। তাঁদের দাবি, বাসে আসন খালি থাকা সত্ত্বেও কন্ডাক্টর তাঁদের ধূপগুড়িতে নেমে অন্য বাসে যেতে বলেন। শেষ পর্যন্ত তাঁরা বাস থেকে নেমে যেতে বাধ্য হন এবং পরে নিজেদের খরচে অন্য বাসে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।যাত্রী পুতুল দাস ও বিনা দাস অভিযোগ করেন, বাসে কয়েকটি আসন খালি ছিল। তা সত্ত্বেও তাঁদের যাত্রার অনুমতি দেওয়া হয়নি। এই ঘটনায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশ্ন তোলেন, মহিলাদের জন্য ভাড়া ফ্রি হলেও যদি বাসে উঠতে না দেওয়া হয়, তবে সেই সুবিধার বাস্তব মূল্য কোথায়।ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা মন্টি রায় প্রধান ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট বাসের কন্ডাক্টর। তাঁর দাবি, কাউকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়নি। যাত্রীরা বসার আসন চাইছিলেন, কিন্তু বাসে পর্যাপ্ত জায়গা ছিল না। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময় উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande