
গুয়াহাটি, ১ জুন (হি.স.) : দেশ ও সমাজের প্রতিকূল পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন ও সতর্ক করার ক্ষেত্রে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক ক্ষেত্রে সংবাদমাধ্যম সরকারের সমালোচনামূলক অবস্থান গ্রহণ করে সুস্থ গণতন্ত্র রক্ষায় বিশেষ দায়িত্ব পালন করে। সংবাদ জগতের আলোকবর্তিকা, আদি সাংবাদিক দেবর্ষি নারদও দেবলোককে বিভিন্ন বিষয়ে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
তাঁর আদর্শকে সামনে রেখে বিশ্ব সংবাদ কেন্দ্র, অসম প্রতি বছর ‘দেবর্ষি নারদ জয়ন্তী’ উপলক্ষ্যে এক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে একজন বিশিষ্ট সাংবাদিককে ‘দেবর্ষি নারদ জয়ন্তী পুরস্কার’ প্রদান করার পাশাপাশি কয়েকজন বিশিষ্ট সাংবাদিককে সংবর্ধনা জানানো হয়।
প্রতি বছরের মতো এ বছরও বিশ্ব সংবাদ কেন্দ্র, অসমের উদ্যোগে আগামী ৭ জুন (রবিবার) সকাল ১০টা ৩০ মিনিটে গুয়াহাটির বড়বাড়িতে অবস্থিত সুদর্শনালয়-এ এক বিশেষ বক্তৃতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিশ্ব সংবাদ কেন্দ্র, অসমের সম্পাদক কিশোর শিবম এ খবর দিয়ে জানান, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দিল্লিস্থ দূরদর্শন কেন্দ্রের সংবাদ বিভাগের জ্যেষ্ঠ পরামর্শদাতা, সংবাদ উপস্থাপক ও বিশিষ্ট সাংবাদিক প্রখর শ্রীবাস্তব। ওই অনুষ্ঠানে ‘দেবর্ষি নারদ জয়ন্তী পুরস্কার-২০২৬’ প্রদান এবং তিন বিশিষ্ট সাংবাদিককে সংবর্ধিত করা হবে। দেবর্ষি নারদ জয়ন্তী পুরস্কার ও সংবর্ধনার সঙ্গে নগদ অর্থ, মানপত্র এবং বইয়ের সম্ভার প্রদান করা হবে তাঁদের।
তিনি জানান, এ বছর দেবর্ষি নারদ জয়ন্তী পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত করা হয়েছে অসমের প্রবীণ সাংবাদিক ও ঈশান দর্পণ-এর সম্পাদক নব ঠাকুরিয়াকে। এছাড়া দেবর্ষি নারদ জয়ন্তী উপলক্ষ্যে তিন সাংবাদিককে বিশেষ সংবর্ধনা প্রদান করা হবে। তাঁরা যথাক্রমে এনকে টিভি-র প্রবীণ সাংবাদিক লক্ষজিৎ গোহাঁই, প্রথম খবর-এর চিফ রিপোর্টার রঞ্জিতা রাভা এবং দৈনিক অসম পত্রিকার উপ-সম্পাদক মৃদুল হালৈ।
কিশোর শিবম জানান, বিশ্ব সংবাদ কেন্দ্র, অসম ২০১৫ সাল থেকে ধীরেন্দ্রনাথ চক্রবর্তী, ধীরেন্দ্রনাথ বেজবরুয়া, কনকসেন ডেকা, মহেন্দ্র বরুয়া, শশী ফুকন, অনিল বরুয়া, গৌতম শর্মা, রূপম বরুয়া, প্রশান্তজ্যোতি বরুয়া এবং গত বছর শান্তনু তামুলি-কে দেবর্ষি নারদ পুরস্কার প্রদান করেছে। তবে কোভিড-১৯ অতিমারির দরুন ২০২০ এবং ২০২১ সালে অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস