
হাওড়া, ১ জুন (হি.স.): সোমবার সকাল থেকেই মঙ্গলাহাটের জবরদখল হঠাতে লাঠি হাতে ময়দানে নামল পুলিশ। সরকারি নির্দেশিকা অনুযায়ী কোনও রাস্তা বা ফুটপাথ জবরদখল করা যাবে না। সেই মতো রবিবার মঙ্গলাহাটের ব্যবসায়ীদের বসতে দেয়নি পুলিশ।
রাস্তা থেকে ফুটপাথে তিল ধারণের জায়গা থাকে না। সকাল থেকেই শুরু হয় হাঁকডাক। হাওড়ার মঙ্গলাহাটের বহর বাড়তে বাড়তে সপ্তাহের একদিন থেকে তিনদিনে এসে দাঁড়িয়েছে। রবিবার দিনভর মাইকে প্রচারের পরেও সোমবার ফের সেখানে জড়ো হন ব্যবসায়ীরা। শুরু হয় বিক্ষোভ। এরপরই জমায়েত হঠাতে লাঠি উঁচিয়ে ব্যবসায়ীদের হঠায় পুলিশ।
সোমবার সকাল থেকে হাওড়া ময়দান চত্বরে মোতায়েন ছিল বিশাল পুলিশ। বিপ্লবী হরেন ঘোষ সরণীর বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা আসতেই অভিযানে নামে পুলিশ। রীতিমতো লাঠি উঁচিয়ে তাড়ানো হয় নাছোড়বান্দা ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের দাবি, সপ্তাহে একদিন অন্তত বসতে দেওয়া হোক তাঁদের।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত