নবদ্বীপে তৃণমূলের দলীয় কার্যালয়ের চাবি বিজেপির হাতে, রাজনৈতিক মহলে জোর চর্চা
নবদ্বীপ, ১ জুন (হি. স.) :নদিয়ার নবদ্বীপে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ের চাবি বিজেপির হাতে তুলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার শহরের ১২ নম্বর ওয়ার্ডে এই ঘটনাকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত
চাবি তুলে দেওয়া হল


নবদ্বীপ, ১ জুন (হি. স.) :নদিয়ার নবদ্বীপে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ের চাবি বিজেপির হাতে তুলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার শহরের ১২ নম্বর ওয়ার্ডে এই ঘটনাকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি তথা ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমান কৃষ্ণ সাহা। তাঁর গ্রেফতারির পর থেকেই এলাকায় রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে। স্থানীয়দের দাবি, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই সংশ্লিষ্ট তৃণমূল দলীয় কার্যালয়টি কার্যত বন্ধ অবস্থায় ছিল।সোমবার স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ স্বেচ্ছায় দলীয় কার্যালয়ের তালা খুলে বিজেপি নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেন বলে জানা গিয়েছে। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে কার্যালয় বন্ধ থাকায় এলাকার মানুষ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে যোগাযোগ করতে পারছিলেন না। সাধারণ মানুষের স্বার্থে এবং এলাকার উন্নয়নমূলক কাজ সচল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অন্যদিকে বিজেপি নেতৃত্ব দাবি করেছে, ওই কার্যালয়কে জনসেবামূলক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। যদিও এই ঘটনার বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে ঘিরে নবদ্বীপের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande