সিধাইয়ে পুলিশের অভিযানে ২,৪০০ ইয়াবা উদ্ধার
মোহনপুর (ত্রিপুরা), ১ জুন (হি.স.) : নেশা বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল সিধাই থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাতভর তল্লাশি চালিয়ে রবীন্দ্রপল্লী এলাকা থেকে ২,৪০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক কাল
ইয়াবা ট্যাবলেট উদ্ধার


মোহনপুর (ত্রিপুরা), ১ জুন (হি.স.) : নেশা বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল সিধাই থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাতভর তল্লাশি চালিয়ে রবীন্দ্রপল্লী এলাকা থেকে ২,৪০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক কালোবাজারি মূল্য ৪ লক্ষ টাকা বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে সিধাই থানায় গোপন খবর আসে যে রবীন্দ্রপল্লী এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত রাখা হয়েছে। খবর পাওয়ার পরই মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক আশীষ দাশগুপ্তের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। অভিযানে সিধাই থানার পুলিশের পাশাপাশি লেফুঙ্গা থানার পুলিশ, সিআরপিএফ এবং টিএসআর জওয়ানরাও অংশ নেন।

রাত সাড়ে ১২টা নাগাদ সংশ্লিষ্ট বাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এরপর শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। ভোর চারটা পর্যন্ত চলে এই অভিযান। দীর্ঘ তল্লাশির পর বাড়ির বিভিন্ন অংশ থেকে মোট ২,৪০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য বাজেয়াপ্ত করে পুলিশ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক আশীষ দাশগুপ্ত জানান, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলির আনুমানিক কালোবাজারি মূল্য ৪ লক্ষ টাকা। এই ঘটনায় এনডিপিএস আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মাদক পাচার চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবীন্দ্রপল্লী এলাকার বাসিন্দা বিজয় পালের বাড়িতেই এই অভিযান চালানো হয়। বিজয় পাল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ২০২৩ সালেও একই ধরনের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। মোহনপুর ও সিমনা এলাকায় তাঁর নেতৃত্বে একটি সক্রিয় মাদক চক্র কাজ করছে বলেও তদন্তকারীদের ধারণা।

তবে অভিযানের খবর পেয়ে বিজয় পাল আগেভাগেই এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানা গেছে। বর্তমানে তাঁকে গ্রেফতারের লক্ষ্যে রবীন্দ্রপল্লীসহ বিভিন্ন এলাকায় পুলিশি তল্লাশি ও অভিযান জোরদার করা হয়েছে। পুলিশ মনে করছে, অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হলে মাদক পাচার চক্রের আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande