মেলাঘরে দ্রুতগতির বাইকের ধাক্কায় গুরুতর আহত যুবক
মেলাঘর (ত্রিপুরা), ১ জুন (হি.স.) : সিপাহীজলা জেলার মেলাঘরের ঘ্রাণতলি এলাকায় দ্রুতগতির একটি বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন জনৈক যুবক। আহত যুবকের নাম ইব্রাহিম মিয়া (৩২)। সোমবার দুপুরে মোহনভোগ ব্লকের অন্তর্গত ঘ্রাণতলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স
সড়ক দুর্ঘটনা


মেলাঘর (ত্রিপুরা), ১ জুন (হি.স.) : সিপাহীজলা জেলার মেলাঘরের ঘ্রাণতলি এলাকায় দ্রুতগতির একটি বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন জনৈক যুবক। আহত যুবকের নাম ইব্রাহিম মিয়া (৩২)। সোমবার দুপুরে মোহনভোগ ব্লকের অন্তর্গত ঘ্রাণতলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ইব্রাহিম মিয়ার বাড়িতে তাঁর শ্বশুর-শাশুড়ি বেড়াতে এসেছিলেন। দুপুরে তাঁদের গাড়িতে তুলে দিতে বাড়ি থেকে মূল সড়কের দিকে যান তিনি। সেই সময় একটি দ্রুতগতির বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় তিনি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন।

দুর্ঘটনায় ইব্রাহিম মিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে আগরতলায় জিবিপি হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

আহতের পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনার পর থেকেই তাঁর অবস্থা আশঙ্কাজনক। জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন ইব্রাহিম মিয়ার মা এদিন ঘটনার বিবরণ দিয়ে দ্রুত ও সুষ্ঠু চিকিৎসার দাবি জানান।

অন্যদিকে, দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় গ্রামবাসীরা ঘাতক বাইকটিকে আটক করার পাশাপাশি চালককেও ধরে ফেলেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থল ও হাসপাতলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ বাইকটি জব্দ করেছে এবং চালককে জিজ্ঞাসাবাদ করছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এলাকাবাসীর দাবি, ঘ্রাণতলি এলাকায় প্রায়ই বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করে। এর ফলে দুর্ঘটনার ঝুঁকি ক্রমশ বাড়ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানিয়েছেন স্থানীয়রা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande