সুকান্ত জন্মশতবর্ষ উদযাপনে খোয়াইয়ে বৃক্ষরোপণ ও ফলের চারা বিতরণ
খোয়াই (ত্রিপুরা), ১ জুন (হি.স.) : গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে খোয়াই জেলায় বৃক্ষরোপণ ও ফলের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার সকালে সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে খোয়াই বিভাগের সিঙ্গিছড়ার চেরমা এলাক
খোয়াইয়ে চারা বিতরণ


খোয়াই (ত্রিপুরা), ১ জুন (হি.স.) : গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে খোয়াই জেলায় বৃক্ষরোপণ ও ফলের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার সকালে সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে খোয়াই বিভাগের সিঙ্গিছড়ার চেরমা এলাকায় ১০৮(বি) জাতীয় সড়কের পাশে অবস্থিত প্রাণী সম্পদ বিকাশ দফতরের জেলা আধিকারিকের কার্যালয় সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলা কর্মসূচির উদ্বোধন করেন খোয়াই পুর পরিষদের প্রাক্তন চেয়ারপার্সন সুখেন্দু বিকাশ দে। আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার সদস্য নির্মল বিশ্বাস, সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও নাট্যব্যক্তিত্ব অরুণ পাল, ছাত্র-যুব প্রতিনিধি, শিক্ষক, কর্মচারী, শিল্পী, সাংস্কৃতিক সংগঠকসহ বিভিন্ন স্তরের মানুষ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বক্তারা বলেন, সুকান্তের মানবিক ও সমাজমুখী চিন্তাধারা আজও প্রাসঙ্গিক। তাঁর আদর্শকে সামনে রেখে সমাজকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে জন্মশতবর্ষ উদযাপন করা হচ্ছে।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে চেরমা থেকে সিঙ্গিছড়া ২ নং স্কুল পর্যন্ত জাতীয় সড়কের দুই পাশের বাসিন্দাদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলের চারা বিতরণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে ছিল আম, কাঁঠাল, পেয়ারা, জলপাই ও কামরাঙ্গাসহ বিভিন্ন ফলজ গাছ। স্থানীয় মানুষ উৎসাহের সঙ্গে চারাগুলি গ্রহণ করেন এবং পরিবেশ রক্ষায় এগুলি রোপণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এদিনের কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকদের মতে, বৃক্ষরোপণ ও ফলের চারা বিতরণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, অন্যদিকে তেমনি কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপনও অর্থবহ হয়ে উঠেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande