
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১ জুন (হি.স.) : টিটিএডিসি নির্বাচন-পরবর্তী সময়ে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আটটি ভিলেজ কাউন্সিল এলাকায় বিভিন্ন সরকারি ও উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতি মোকাবিলায় এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডকে গতিশীল করতে সোমবার তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতৃত্ব দেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়।
বৈঠকে ভিলেজ কাউন্সিলগুলোর বিভিন্ন সমস্যা, প্রশাসনিক জটিলতা এবং উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে উদ্ভূত বাধাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে এমজিএনরেগা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
বিধায়িকা কল্যাণী সাহা রায় জানান, ভিলেজ কাউন্সিল এলাকাগুলোতে উন্নয়নের কাজ স্বাভাবিকভাবে পরিচালনা করতে না পারার কারণে সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই কারণেই সংশ্লিষ্ট ভিলেজ কাউন্সিলের সচিব, জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলোর সুফল যাতে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে পৌঁছায়, সেজন্য সব পক্ষকে সমন্বয় রেখে কাজ করতে হবে।
তিনি আরও জানান, আগামী ৫ জুন মথা দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব, ভিলেজ কাউন্সিলের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের নিয়ে আরও একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে উন্নয়নমূলক কাজের পথে থাকা সমস্যাগুলির স্থায়ী সমাধান এবং সাধারণ মানুষের স্বার্থে প্রকল্পগুলিকে দ্রুত বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান, ব্লক অ্যাডভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান, বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধি, ভিলেজ কাউন্সিলের প্রতিনিধিসহ প্রশাসনের একাধিক পদস্থ আধিকারিক। বৈঠকে অংশগ্রহণকারীরা উন্নয়নের স্বার্থে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভিলেজ কাউন্সিল এলাকাগুলিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ ব্যাহত হওয়ার অভিযোগ উঠছে। এদিনের বৈঠককে সেই অচলাবস্থা দূর করে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে পুনরায় গতিশীল করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ