
শান্তিরবাজার (ত্রিপুরা), ১ জুন (হি.স.) : দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোগত মানোন্নয়নের মূল্যায়নে সোমবার তিন সদস্যের এনকোয়াস টিম হাসপাতাল পরিদর্শনে আসে। আগামী তিন দিন ধরে চলবে এই মূল্যায়ন প্রক্রিয়া। জাতীয় স্তরের গুণগত মানের স্বীকৃতি অর্জনের লক্ষ্যে এই পরিদর্শনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা নিরলস পরিশ্রমের মাধ্যমে রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো ও পরিষেবার মান বৃদ্ধির জন্য কাজ করে চলেছেন। সেই প্রচেষ্টারই স্বীকৃতি হিসেবে জাতীয় গুণগত মান নির্ধারণকারী এনকোয়াস টিমের এই পরিদর্শন।
সোমবার সকালে হাসপাতালে পৌঁছলে আগত প্রতিনিধিদলকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এরপর হাসপাতালের বিভিন্ন পরিষেবা, পরিকাঠামো, রোগী কল্যাণমূলক উদ্যোগ, স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। আলোচনার পর প্রতিনিধিদলের সদস্যরা হাসপাতালের বহির্বিভাগ, অন্তর্বিভাগ, ওয়ার্ড, ল্যাবরেটরি, জরুরি বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
এনকোয়াস টিমের সদস্যদের মধ্যে ছিলেন সুনীত শ্রীবাস্তব, রেনুকা সিন্ধে এবং অঙ্কিতা নাথ। তাঁদের এই পরিদর্শনের মাধ্যমে হাসপাতালের বিভিন্ন পরিষেবার গুণগত মান, রোগীবান্ধব পরিবেশ, পরিচ্ছন্নতা, চিকিৎসা ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসুরক্ষা সংক্রান্ত দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
এদিকে, পরিদর্শন চলাকালীন সংবাদ সংগ্রহকে কেন্দ্র করে কিছু বিতর্কের সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, সাব্রুম মহকুমার রূপাইছড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার ডাঃ রাহুল দাস সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেন এবং তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এই ঘটনায় উপস্থিত সাংবাদিকদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। যদিও অভিযোগের বিষয়ে ডাঃ রাহুল দাসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এনকোয়াস টিমের সফরকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এলাকার মানুষের আশা, এই মূল্যায়নের মাধ্যমে শান্তিরবাজার জেলা হাসপাতাল জাতীয় স্তরের স্বীকৃতি অর্জন করবে এবং ভবিষ্যতে আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে সক্ষম হবে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত, শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার পুরপরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, ভাইস-চেয়ারম্যান সত্যব্রত সাহা, জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত মেডিক্যাল অফিসার ডাঃ লুফাং মগ এবং দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জে. এম. দাস-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
স্থানীয়দের মতে, এনকোয়াস টিমের এই পরিদর্শন সফল হলে শান্তিরবাজার জেলা হাসপাতালের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং দক্ষিণ ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবার মান আরও একধাপ এগিয়ে যাবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ